ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সেলিম মোল্লা (৪৬) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া আলমগির দালাল (৪০) নামে একজন নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে মেঘনার শাঁখা নদীতে ডুবুরি দল অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুকও উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এর জেরেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।


নিহত সেলিম মোল্লা মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁর খালাতো ভাই সবুজ মোল্লা (২৮)। তিনি চরডুমুরিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে।


এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। আহত কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও বিএনপির একাধিক নেতার বক্তব্য অনুযায়ী, মোল্লাকান্দি ইউনিয়নে দলটির দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহিম মোল্লা ও আওলাদ হোসেন দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে বলে স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। তবে পুলিশ বলছে, সংঘর্ষের পেছনে মূলত চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার সমর্থকেরা চরডুমুরিয়া এলাকায় গিয়ে হামলা চালান। পরে আওলাদ হোসেনের সমর্থকেরা পাল্টা হামলা করেন। একপর্যায়ে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পরিবার বলছে, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না সেলিম নিহত সেলিম মোল্লার পরিবারের সদস্যদের দাবি, তিনি কোনো পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। রিকশা চালিয়ে সংসার চালাতেন।


সেলিমের ছোট বোন ফাহিমা আক্তারের অভিযোগ, সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর চরডুমুরিয়া বাজারের কাছাকাছি তাঁর ভাই হামলার স্বীকার হন। রহিম মোল্লার সমর্থকেরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।


ফাহিমা বলেন, মোল্লাকান্দিতে দুই পক্ষের বিরোধের কারণে দিনের পরদিন মানুষ মারা যাচ্ছে। এ নিয়ে তাঁদের পরিবারসহ এলাকার মানুষ আতঙ্কে থাকেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য রহিম মোল্লা ও আওলাদ হোসেনকে দায়ী করে তাঁদের বিচার দাবি করেন। অন্যদিকে, আওলাদ হোসেন অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রহিম মোল্লার সমর্থকেরা তাঁর লোকজনের ওপর হামলা করেছেন। তাঁর দাবি, বৃহস্পতিবার সকালে তিনটি ভিন্ন রঙের জার্সি পরা লোকজন সংঘবদ্ধভাবে তাঁদের এলাকায় হামলা চালান। নির্বাচনে তাঁর জনপ্রিয়তা থাকায় তাঁকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশে এ হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। রহিম মোল্লার পক্ষের নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমানও সংঘর্ষের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন। তিনি জানান, তিনি বর্তমানে এলাকায় নেই।


মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের বিরোধ নতুন নয়। গত ১২ নভেম্বর দুই পক্ষ অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল। ওই ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। এর আগে গত বছরের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।


স্থানীয় বাসিন্দাদের মতে, ইউনিয়নটিতে রাজনৈতিক ক্ষমতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় দলীয় নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ও সেখানে দলটির দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সরকার পরিবর্তনের পর বিএনপির দুই পক্ষের বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে।


সংঘর্ষের সময় আলমগির দালাল নামে এক ব্যক্তি মেঘনার শাঁখা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর সন্ধানে বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।


ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে একজন নিখোঁজ হওয়ার খবর আসে। খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ কাজ করছে।


ads
ads
ads

Our Facebook Page

↑